ঈদের ছুটিতে সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা অধিদপ্তর ১৬ দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে জরুরি বিভাগ, লেবার রুম ও অন্যান্য জরুরি সেবা সার্বক্ষণিক চালু রাখা। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং জনবল নিশ্চিত করা হয়েছে যাতে রোগীদের চিকিৎসা সেবা কোনও ধরনের বিঘ্ন ছাড়াই প্রদান করা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজবাড়ীর চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ১৫০-২০০ রোগী জরুরি বিভাগে চিকিৎসা নেন। ভর্তি বিভাগে সাধারণত ৩০-৪০ জন রোগী থাকেন। বহিঃবিভাগ থেকে প্রতিদিন ৪ শতাধিক রোগী সেবা নিয়ে থাকেন। ঈদের দিন, আগের দিন ও পরের দিন অর্থ্যাৎ শুক্রবার, শনিবার এবং রোববার হাসপাতালের বহিঃবিভাগ বন্ধ থাকবে। সার্বক্ষণিক জরুরি বিভাগ ও ভর্তিঃবিভাগে চিকিৎসা দেয়া হবে। সরকারি ছুটির দিন বৃহস্পতিবারে অন্যান্য দিনের মতো বহিঃবিভাগে শত শত রোগী চিকিৎসা নিয়েছেন। ঈদের দিনেও এখানে চিকিৎসা সেবা স্বাভাবিকভাবে চলবে। রোগীর চাপ সামলানোর জন্য তিন শিফটে তিনজন চিকিৎসক দায়িত্ব পালন করবেন।
মেডিকেল অফিসারদের সঙ্গে দু’জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জরুরি বিভাগে আলাদা সময়ে সহযোগিতা করবেন। এ ছাড়া স্বাস্থ্য ও প. প. কর্মকর্তাও কর্মস্থলে থাকবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, দীর্ঘ ছুটিকালীন সময়েও হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। ৭২ ঘণ্টা বহিঃবিভাগ বন্ধ থাকলেও চিকিৎসাসেবায় কোনও প্রভাব পড়বে না। জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের চিকিৎসার জন্য তিনজন মেডিকেল অফিসার শিফট ভাগ করে দায়িত্ব পালন করবেন। অন্যান্য দিনের মতো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারও জরুরি বিভাগে সহযোগিতা করবেন।