ফুটবল বিশ্বে এক নজিরবিহীন ঘটনা ঘটলো। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ায় আর্জেন্টিনাকে সরাসরি ‘ফিনালিসিমা’র দুইবারের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিনগেজ।
২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহায় দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এই হাই-ভোল্টেজ ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা এবং গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার কারণে কাতারে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। লুইসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা অসম্ভব হয়ে পড়ায় এবং বিকল্প কোনো ভেন্যু নিয়ে উয়েফা ও কনমেবলের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত আয়োজনটি বাতিল ঘোষণা করা হয়।
ডমিনগেজের চমকপ্রদ ঘোষণা
ব্রাজিলের গণমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, প্যারাগুয়েতে কোপা লিবার্তোদোরেস ও সুদামেরিকানার গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে আলেহান্দ্রো ডমিনগেজ বলেন, যেহেতু প্রতিপক্ষ দল উপস্থিত হতে পারছে না, তাই আর্জেন্টিনাকে ‘ওয়াকওভার’ জয়ী হিসেবে গণ্য করা উচিত।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাডিও তাপিয়ার পাশে বসে ডমিনগেজ কৌতুকপূর্ণ স্বরে বলেন, "যদি আমরা ওয়াকওভার ধরি, তবে আর্জেন্টিনা ইতিমধ্যেই দুইবারের ফাইনালিসিমা চ্যাম্পিয়ন। আপনাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।"
পরে একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, "অভিনন্দন, কারণ আপনারা না খেলেই ফাইনালিসিমার ডাবল চ্যাম্পিয়ন হয়ে গেছেন।"
এর আগে ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার এই শিরোপা জিতেছিল লিওনেল মেসির দল। এবারের ম্যাচটি বাতিল হওয়ায় এবং কনমেবল প্রেসিডেন্টের এমন অনানুষ্ঠানিক ঘোষণার পর আলবিসেলেস্তে সমর্থকদের মধ্যে নতুন করে উল্লাস ছড়িয়ে পড়েছে।