কাবরেরার চূড়ান্ত ২৩-এ কারা থাকলেন, কারা বাদ পড়লেন

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

‎পুরো দেশ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের অপেক্ষায়, জাতীয় ফুটবলাররা তখন লাল-সবুজের জার্সি গায়ে মাঠের লড়াইয়ে নামতে দেশ ছাড়ছেন। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আজ রাতেই ঢাকা ছাড়ছে কোচ হাভিয়ের কাবরেরার ঘোষিত ২৩ সদস্যের দল।

‎কোচ হাভিয়ের কাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে চূড়ান্ত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সকালে। ঢাকা ক্যাম্প শেষে পারফরম্যান্স ও কৌশলের ভিত্তিতে ৫ জন খেলোয়াড় বাদ পড়েছেন।
‎​তারা হচ্ছেন- ইশাক আকন্দ (গোলকিপার) - ব্রাদার্স ইউনিয়নের এই গোলকিপার প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন। শাকিল হোসেন (ডিফেন্ডার)
‎মঞ্জুরুল রহমান মানিক (ডিফেন্ডার) - ৫ বছর পর দলে ফিরেছিলেন। ইসা ফয়সাল (ডিফেন্ডার)
‎রফিকুল ইসলাম (ফরোয়ার্ড) - অনূর্ধ্ব-২০ দলে নজর কেড়ে প্রথমবার ডাক পেয়েছিলেন।
‎​

চূড়ান্ত স্কোয়াড একনজরে

‎​গোলকিপার (৩ জন): মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
‎​ডিফেন্ডার (৭ জন): তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।
‎​মিডফিল্ডার (৭ জন): সৈয়দ শাহ কোয়াজেম (শাহ কাজেম কিরমানি), শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. হৃদয়, শমিত সোম এবং হামজা চৌধুরী।
‎​ফরোয়ার্ড (৬ জন): আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা, ইমন শারিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

গতকাল সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা আসন্ন দুই ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, 'আমরা হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে যেমন খেলেছিলাম, তেমনই খেলব। ফর্মেশন কিছুটা পরিবর্তন হতে পারে। আমরা আজ (গতকাল) সেই অনুশীলনই করব।’

ভিয়েতনাম ফিফা র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে। শক্তিশালী দলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক বলে মনে করেন কোচ কাবরেরা,  'সিঙ্গাপুরের আগে ভিয়েতনাম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ২ ম্যাচই ৩ পয়েন্টের জন্য খেলব। যা আমরা সচরাচর করি।’

ফরোয়ার্ড শেখ মোরসালিন খানিকটা ইনজুরিতে ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ভালোই মনে করছেন কোচ, ' সে আমাদের সঙ্গে যাচ্ছে। টেস্টের পজিটিভ ফলাফল এসেছে। তিন-চার দিনের মধ্যে অনুশীলন করবে এবং দেখা যাক ভিয়েতনাম ম্যাচে কতক্ষণ খেলতে পারবে।’

‎​শুক্রবার রাত ১১:৪৫ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় দল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত