বর্ণবাদ ও বৈষম্যের দায়ে ইসরায়েলকে ফিফার জরিমানা

ফুটবল মাঠে বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণের দায়ে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) বড় অংকের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) দীর্ঘদিনের অভিযোগ ও দাবির প্রেক্ষিতে ফিফা এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, আগামী ম্যাচগুলোতে স্টেডিয়ামে কোনো ব্যানার প্রদর্শনের ১৫ দিন আগে সেটার আকার, নকশা এবং অবস্থান সম্পর্কে ফিফার অনুমতি নিতে হবে ইসরায়েলকে। এছাড়া জরিমানার অর্থের এক-তৃতীয়াংশ বৈষম্যবিরোধী বিশেষ পরিকল্পনায় ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে ইসরায়েলকে ফিফা থেকে বহিষ্কার বা স্থগিত করার দাবি জানিয়ে আসছিল। তাদের অন্যতম প্রধান অভিযোগ ছিল, ইসরায়েল তাদের জাতীয় লিগে ফিলিস্তিনি ভূখণ্ডের (পশ্চিম তীর) ফুটবল দলগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

তবে এই বিষয়ে কঠোর কোনো সিদ্ধান্ত নেয়নি ফিফা। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের চূড়ান্ত আইনি মর্যাদা একটি অত্যন্ত জটিল ও অমীমাংসিত বিষয়, তাই এই মুহূর্তে এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফিলিস্তিন জাতীয় দলের দুটি প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে মরক্কোর মাটিতে মৌরিতানিয়া ও বেনিনের বিপক্ষে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে খেলোয়াড়দের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ফিলিস্তিন সমর্থকরা একে 'যথেষ্ট নয়' বলে মনে করছেন। অন্যদিকে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন চাইলে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে বলে জানিয়েছে ফিফা।