ভারতীয় ক্রিকেটে এখন অন্যতম আলোচিত নাম সঞ্জু স্যামসন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে ব্যাট হাতে অনন্য ভূমিকা রেখেছেন। তবে তার সাফল্যের পথটা সহজ ছিল না। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস এমপি শশি থারুর স্মরণ করেছেন বর্তমান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তার পুরনো এক কথোপকথন, যা আজ ধ্রুব সত্য হয়ে ধরা দিয়েছে।
শশি থারুর জানান, সঞ্জু যখন মাত্র ১৪ বছরের এক কিশোর, তখন থেকেই তিনি তার প্রতিভা দেখে মুগ্ধ ছিলেন। থারুর একবার সঞ্জুকে উৎসাহ দিতে গিয়ে বলেছিলেন, তিনি হবেন ‘পরবর্তী মহেন্দ্র সিং ধোনি’। কিন্তু গৌতম গম্ভীর তার এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেননি।
গম্ভীর তখন থারুরকে সংশোধন করে দিয়ে বলেছিলেন, "না, ওকে পরের ধোনি হওয়ার প্রয়োজন নেই। ও হবে প্রথম ও অনন্য সঞ্জু স্যামসন।" থারুর এখন গর্বের সঙ্গে বলছেন, "আজকের সঞ্জু ঠিক সেটাই হয়ে উঠেছে।"
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন। টুর্নামেন্টে ৩২১ রান করার পথে তিনি ৯৭, ৮৯ এবং ৮৯ রানের তিনটি মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। থারুরের মতে, সঞ্জু অত্যন্ত নিঃস্বার্থ একজন খেলোয়াড়। ব্যক্তিগত সেঞ্চুরির চেয়ে দলের জন্য দ্রুত রান তোলাকেই তিনি প্রাধান্য দেন।
থারুর আরও উল্লেখ করেন, 'ক্রিজে সঞ্জুর শান্ত এবং আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে অন্যদের চেয়ে আলাদা করে। ৮৯ রানে থাকা অবস্থায়ও সে নিজের সেঞ্চুরির কথা না ভেবে দলের প্রয়োজনে বড় শট খেলে আউট হয়েছে। এটা অসাধারণ। '
সঞ্জুর ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই ছিল। ওয়ানডেতে সেঞ্চুরি করার পরও দল থেকে বাদ পড়ার মতো দুর্ভাগ্যের শিকার হয়েছেন। শশি থারুর বলেন, "কিছু ক্ষেত্রে ওর ধারাবাহিকতার অভাব ছিল ঠিকই, কিন্তু বিশ্বকাপে টানা তিনটি বড় ইনিংস ওর সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আমি চাই ও ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছাড়াও একদিন টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সাদা পোশাকে নিজেকে মেলে ধরুক।"