মাদারীপুরের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষ দুই শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনার পর যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে দূরদুরান্তের যাত্রীরা।
আহতরা হলেন, ভোলার সিরাজ মাঝি (৩০), তার আড়াই বছর বয়সী ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে পিক আপে করে বাসাবাড়ির মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিলেন একটি পরিবার। পথে রাজৈর বাসস্ট্যান্ডের কাছাকাছি আসলে অপরদিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দুই শিশুসহ অন্তত ৮ জন আহত হন। ঘটনা সঙ্গে সঙ্গে চালক ট্রাকটি সড়কের মাঝখানে রেখে পালিয়ে যায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাদের বরিশাল মেডিকেলে পাঠানো হয়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।