মাদারীপুরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতে রাজৈর পৌর এলাকার হৃদয় নন্দী গুচ্ছগ্রামের সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের লোকজনের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের ইয়ার আলী, আক্কাসসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত