মাদারীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে ফুলেননেসা (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ গ্রামের আলমগীর বেপারীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানা গেছে, এদিন দুপুর থেকেই আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টি উপেক্ষা করে তিনি বিকেলে বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

‎লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. কামরুজ্জামান পলাশ খান বলেন, ফুলেননেসা বৃষ্টির মধ্যে বাহিরে বের হওয়ায় বজ্রপাতে মারা গেছেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফ উল আরেফীন বলেন, ফুলেননেসা নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবুও বিস্তারিত খোঁজ নিচ্ছি।