অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ জেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুইচগেট ঘুঘুডিমা এলাকার মৃত ইসমাইলের ছেলে ওহিদুল (১৭) এবং জয়নালের ছেলে মিনহাজ (২২)।

পুলিশ সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড়ে পাকা রাস্তার ওপর ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক মো. ওহিদুল এবং অপর আরোহী মিনহাজ ঘটনাস্থলেই মারা যান।
এ ছাড়া গুরুতর আহত ইজিবাইক যাত্রী শিবগঞ্জ উপজেলার ঢোরবানা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান জাপানকে (৬০) স্থানীয়রা জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

এই দুর্ঘটনায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মৃত নেস মোহাম্মদের ছেলে এলিমও (৪৩) আহত হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, রাত ৯টার দিকে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।