মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত ফখরুল আলমের জানাজা সম্পন্ন

মেঘনা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ভোলা জেলা পুলিশের সদস্য কনস্টেবল মো. ফখরুল আলমের জানাজার নামাজ শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের সদস্য ও সহকর্মীরা উপস্থিত থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজার আগে মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোনাজাতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পুরো পরিবেশ জুড়ে ছিল গভীর শোক ও বেদনাময় আবহ। 

এর আগে, গত ১৮ মার্চ রাতে ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় মৎস্য বিভাগের অভিযানের সময় একটি স্পিডবোট ও যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এতে স্পিডবোটটি উল্টে গেলে কনস্টেবল ফখরুল আলম নদীতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়দের সহায়তায় অন্যদের উদ্ধার করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে টানা তিন দিন উদ্ধার অভিযান চলার পর শনিবার বিকেল ৫টার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা সংলগ্ন মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ভোলা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে জানাজার পরিবেশ।