সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, আমরা স্বয়ংক্রিয় সিস্টেম চালু করবো, গার্ডও থাকবে। রেলগেটের কাছাকাছি আসার পর যাতে অটোমেটিক রেলগেট পড়ে যায়। যেখানে রেলগেট আছে, সেখানে আমরা আন্ডারপাস বা ফ্লাইওভার করবো। এই ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।
রবিবার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতোমধ্যে স্টেশন মাস্টার এবং গেটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদের শাস্তির আওতায় আনা হবে। রেলওয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন আরও একটি তদন্ত কমিটি করেছে। এ ব্যাপারে কারও গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে প্রদান করা হবে।
এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ নারী ও তিন শিশু মারা যায়।