প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ একটি আভিযানিক দল।
শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। এই পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়। এই গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তির নিকট প্রেরণ করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করেন।
ডিবি সূত্রে আরও জানা যায়, তিনি গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে একটি ভুয়া গেজেট তৈরি ও প্রচার করেন। গেজেটে জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসন হিসেবে তাকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান এবং স্থায়ী বাসস্থান প্রদানের কথা উল্লেখ করা হয়। এ ছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’র সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে নগদ অর্থ হাতিয়ে নেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।