কুমিল্লার দাউদকান্দিতে আব্দুল মালেক নামে (৬৫) বছর বয়সী এক বৃদ্ধ ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বজনদের দাবি তাকে অপহরণ করা হয়েছে।
গত (৮ মার্চ) নিখোঁজের পর (১৩ মার্চ) দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ বৃদ্ধের বড় ছেলের স্ত্রী সুমি আক্তার।
তিনি জানান, আমার শশুরের তিন ছেলে সবাই বিদেশে থাকেন। ছোট ছেলে শাহীন মালয়েশিয়া থাকেন। তার বন্ধু হবিগঞ্জের সাইফুর রহমান একমাস আগে দেশে আসে এবং গত ৭ মার্চ আমাদের বাড়িতে আসেন। রাতে থেকে পরদিন ৮ মার্চ সকালে আমার দেবর শাহীনের বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলে আমার শশুরকে নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। ওইদিন রাত ৯টার সময় সাইফুল ফোন করে শশুরের মোবাইলের বিকাশ পিন নাম্বার চায়। শশুরের সাথে পিন নাম্বারের কথা বললে তিনি দিতে না করেন, তাই পিন নাম্বার দেইনি। এরপর থেকে দু'জনের মোবাইল বন্ধ পাই এবং আমাদের সাথে কোন রকমের যোগাযোগ নাই। পিন নাম্বার চাওয়ার কারনে মনে হচ্ছে বন্ধুর বেশে এসে মেয়ে দেখার কথা বলে আমার শশুরকে অপহরণ করা হয়েছে । এরপর ১৩ মার্চ দাউদকান্দি থানায় সাধারণ ডায়েরিও করেছি।
সুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১৩ দিন হয়ে গেল, আমার শশুর বেঁচে আছেন না মারা গেছেন আমরা জানি না। পুলিশ ট্র্যাকিং করছে কিন্তু এখনো কোনো ফলাফল পাইনি। আমরা দ্রুত আমার শ্বশুরকে সুস্থ্য অবস্থায় ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বিষয়টি তদন্তকারী গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, বৃদ্ধ লোকটি স্বইচ্ছায় তার ছেলের জন্য মেয়ে দেখতে ছেলের বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়েছেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন, এমন ডায়েরির মতে তার সন্ধানে কাজ চলছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম দেশ রূপান্তরকে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টায় আমাদের একটি টিম কাজ করছে।