ভোলায় আলাউদ্দিন হত্যার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ২

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চৌমুহনী বাজারসংলগ্ন এলাকায় মো. আলাউদ্দিন রাঢ়ী (৫০) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গামছাও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শশীভূষণ থানার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চর মঙ্গল এলাকার মৃত কাদের দালালের ছেলে মো. দুলাল দালাল (৫০) ও একই এলাকার মৃত আ. মোনাফ দালালের ছেলে মো. হেমায়েত (৪৫)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ আগস্ট রাত সোয়া ৮টার দিকে আলাউদ্দিন রাঢ়ী চৌমুহনী বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক ৯টার দিকে তার স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয় লোকজন বিলের মধ্যে হাঁটুপানিতে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শশীভূষণ থানায় মামলা করেন। মামলার পর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্তে নামে পুলিশের একাধিক দল।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার

পুলিশের ভাষ্য, গোপন তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চৌমুহনী এলাকা থেকে দুলাল দালাল ও হেমায়েতকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের দেখানো মতে ঘটনাস্থল শনাক্ত করা হয়। সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গামছা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাঁর ভাষ্য, আদালতেও তাঁরা হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত