জামালপুরের ঘটনায় কমিটি গঠন, ২৫ হাজার টাকা সহয়তা প্রদান

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান পরিত্যক্ত সাঁকো ভেঙে পানিতে ডুবে নিহতের ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নিহতদের পারবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন।

রবিবার (২২ মার্চ) সকালে এই আর্থিক সহায়তা ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জেলা প্রশাসন কার্যালয় জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।  এছাড়া প্রয়োজন আনুযায়ী আরও সহায়তা দেওয়ার হবে বলে প্রশাসনে পক্ষ থেকে জানানো হয়।

এসময় শোক প্রকাশ করে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) সদস্য সচিব, পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা সার্বিক বিষয় পর্যালোচনা করে ৭-১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরের মডেল থানার সামনে কালিকাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর প্লাস্টিক ড্রামের তৈরি ভাসমান পরিত্যক্ত সাঁকো ভেঙে এই দুর্ঘটনা ঘটে।  এতে পাঁচ শিশু পানিতে ডুবে মারা যায়। তারা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মনি (১০), তার ছেলে মিহাত (১৪), একই উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর ছেলে ও স্থানীয় ইসাতুন সুন্নাহ মডেল মাদনাসার শিক্ষার্থী আব্দুল মোতালেব (৬), মেয়ে একই মাদরাসার হাফেজ শিক্ষার্থী খাদিজা বেগম (১২) ও দেওয়ানগঞ্জ পৌর শহরের বেলতলি বাজার এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।