মাদারীপুরে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

‎মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রবিবার (২২ মার্চ) বিকেলে কালকিনি থানাধীন উত্তর রমজানপুর গ্রামের আজিজ বেপারী বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মিঠুন বৈদ্যের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকার নাসির বেপারীর ছেলে আজিজুল বেপারী (২৩)।

‎পুলিশ জানায়, প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ৫১টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে তার কাছে আরও জাল টাকা থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে পৃথক অভিযান চালিয়ে বিছানার তোশকের নিচ থেকে আরও ১৬২টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এভাবে দুইটি পৃথক অভিযানে মোট ২১৩টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

‎এ বিষয়ে কালকিনি থানার পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।