রাজধানীর খিলগাঁও এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ছয়টায় খিলগাঁও শেখের জায়গাঁ সাকিনস্থ মেসার্স ভাই ভাই ইঞ্জিনিয়ারিং সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সাফেয়েত কবির ও সবুজ মিয়া। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
তিনি জানান, এসআই আবু সায়েম গোপন সংবাদে জানতে পারেন দুজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেজনকভাবে শেখের জায়গায় অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে। দুই অস্ত্র কারবারি খিলগাঁও এলাকায় বসবাস করে আসছিলেন।
মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদক আইনে চারটি এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি এবং চুরি সংক্রান্তে দুটি মামলা রয়েছে।