সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
নাহিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উত্তরার ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।