জামালপুর

ইয়াবাসহ মাদক কারবারিকে পুলিশে দিল এলাকাবাসী

জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ রাসেল মিয়া (২২) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। রবিবার (২২ মার্চ) দুপুরে মাদক আইনের মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাদগ রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের ছত্তরহাজির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল মিয়া বোলাকীপাড়া পূর্বপাড়া এলাকার গোলাপ হোসেন গোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোলাকীপাড়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছে স্থানীয় যুবসমাজ। এলাকায় মাদকের বিস্তাররোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তারা। এর ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছত্তরহাজি মোড় এলাকায় অবস্থান নেন একদল যুবক। রাত ১০টার দিকে রাসেল মিয়া মাদক বিক্রির চেষ্টা করলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা যুবকেরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে বোলাকীপাড়া বাজারে একটি দোকানে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে রাসেলকে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। 

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, বোলাকীপাড়া এলাকাটিকে মাদকমুক্ত রাখতে স্থানীয় যুবসমাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকসহ রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে তারা।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, রাসেল মিয়া নামে এক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। থানা এলাকা মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।