পঞ্চগড়ের দেবীগঞ্জের রামগঞ্জ বিলাসী এলাকার ঈদগাহ মাঠে আয়োজিত মেলায় অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে উপস্থিত মুসল্লিদের গণপিটুনির শিকার বিটুল ওয়ার্ড যুবলীগের সহসভাপতি, যুবদলের কেউ নয় বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় যুবদল।
রবিবার (২২ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটুল পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকার ঈদগাহ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মেলায় অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে উপস্থিত মুসল্লিদের গণপিটুনির শিকার হয়েছেন। দুঃখজনকভাবে কয়েকটি গণমাধ্যমের সংবাদে বিটুলকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে বিটুল টেপ্রিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তার সঙ্গে যুবদলের কোনও সম্পর্ক নেই। তাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদল স্পষ্ট করে জানিয়ে দিতে চায় কোনও ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুজোগ নেই।