রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

এ ঘটনায় ফখরুলের ভাই ফরহাদ থানায় মামলা করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম

খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুরে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১টায় রূপসা ব্রিকস নামক এক ইট ভাটায় এই হত্যাকান্ড ঘটে। নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে ও যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।

স্থানীয় সূত্র জানায়, ইটভাটা ও মাছের ঘের সংক্রান্ত বিরোধে এই ঘটনা ঘটতে পারে। ফখরুল প্রতিদিনের মতো ইটভাটা ও মাছের ঘের দেখাশোনার জন্য মঙ্গলবার রাতে ওই ভাটায় যায়। এর আগের দিন বিকেলে ভাটার নাইট গার্ড তৈয়বের সাথে ফখরুলের বাগবিতন্ডা হয়। এর জের ধরে রাত ১টায় একদল অস্ত্রধারী ফখরুলের ওপর গুলি চালায়। একটি গুলি তার লাগে ঘাড়ে। আরেকটি মাথায় লাগে।

স্থানীয়রা আরও জানায়, ঘটনার পর খবর পেয়ে তার ভাই ফরহাদসহ তিনভাই ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ফখরুলের ভাই ফরহাদ থানায় মামলা করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ফরহাদ জানান, আমার ভাই ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাতে সে মেয়ের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়। তারপর ইটভাটা ঘুরে বাসায় আসবে বলে আমাকে জানায়।

রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। মরদেহের সুরতহালে দেখা যায় তার শরীরে দুইটা গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে তার ভাই ফরহাদ এ ঘটনায় মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত