মেসির ৯০১তম গোলে মায়ামির থ্রিলার জয়, মাশচেরানোর বিশেষ বার্তা

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে নিউ ইয়র্ক সিটি এফসি-কে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এমএলএস-এর এই রোমাঞ্চকর ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করে ক্যারিয়ারের আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

গত সপ্তাহেই ন্যাশভিলের বিপক্ষে ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। রবিবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের ৬১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ট্রেডমার্ক বাঁ-পায়ের ফ্রি-কিকে ইন্টার মিয়ামির হয়ে সমতা ফেরান তিনি (২-২)। এটি তার ক্যারিয়ারের ৯০১তম গোল এবং ইন্টার মিয়ামির জার্সিতে ৮২তম গোল। পরে মিয়ামি আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো মেসির ফিটনেস নিয়ে নিজের উদ্বেগের কথা জানান। সামনেই আর্জেন্টিনার জাতীয় দলের খেলা থাকায় মেসিকে সুস্থ রাখাটাই এখন মিয়ামির বড় চ্যালেঞ্জ।

মাশচেরানো বলেন, "আমরা সব উপায়ে লিওকে আগলে রাখার চেষ্টা করছি। সে মাঠে স্বাচ্ছন্দ্যবোধ করছে। এখন সে জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছে, ফিরে আসার পর আমরা তার অবস্থা দেখব। আমাদের লক্ষ্য অর্জনে মেসি অপরিহার্য; তাকে ছাড়া এটা অসম্ভব।"

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ৪ এপ্রিল অস্টিন এফসি-র বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিয়ামির নতুন ঘরের মাঠ 'ন্যু স্টেডিয়াম'-এ।

এর আগে মেসি আর্জেন্টিনার হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপের।