বাগেরহাটের কচুয়ায় ৬৪ কেজি গাজাসহ মো. মানজারুল ইসলাম শিকদার (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ সময় মাদক বহনকারী পিকআপটি জব্দ করা হয়।
রবিবার (২২ মার্চ) রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে র্যাব ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় র্যাবের পুলিশ পরিদর্শক মো. কুদ্দুস বাদী হয়ে কচুয়া থানায় মানজারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মানজারুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মো. মানজারুল ইসলাম শিকদার পিরোজপুর সদরের তালিতাখালী গ্রামের প্রয়াত হাশেম শিকদারের ছেলে।
র্যাবের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদকের একটি চালান বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের উপর দিয়ে যাচ্ছে এই গোপন সংবাদ পেয়ে সাইনবোর্ড এলাকায় র্যাবের একটি দল অবস্থান নেয়। এ সময় পিরোজপুরগামী একটি পিকআপকে সিগনাল দিয়ে দাঁড় করায়। পরে ওই পিকআপে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি গাজা ও মানজুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে। সে এই মাদক কুষ্টিয়া থেকে পিরোজপুর নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে র্যাব। সোমবার দুপুরে মানজারুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।