অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ৪ পরিবহনকে জরিমানা

পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে রুটপারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের  অপরাধে চারটি পরিবহনকে মোট অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনাল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযানে সেবাগ্রীন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহনকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহনকে ২৫ হাজার টাকা ও বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রুটপারমিট ছাড়া গাড়ি চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইন এ জরিমানা আদায় করা হয়।

ইউএনও মো. মামুনুর রশিদ জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।