বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া গুঁড়া দুধ তৈরি, প্যাকেটে জালিয়াতি করে মেয়াদ বাড়ানো এবং নোংরা পরিবেশে দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাত করার অপরাধে ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের একটি কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় চালানো এই অভিযান নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।
তিনি জানান, কারখানাটিতে ‘ডোনা ইন্সটেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামক পণ্য তৈরিতে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা সংস্থার (বিএসটিআই) কোনো অনুমোদন ছিল না। তার সত্ত্বেও বেআইনিভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্যটি বাজারে ছাড়া হচ্ছিল। তাছাড়া ‘ফুল ক্রিম’ গুঁড়া দুধ দাবি করলেও তা প্রস্তুত করা হচ্ছিল প্রয়োজনীয় গুণগত ফর্মুলা ছাড়াই।
অভিযানে দেখা গেছে, কারখানাটির প্যাকেজিং ও সংরক্ষণ স্থান ছিল অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে, যেখানে ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন ধরনের পোকামাকড়। সবচেয়ে গুরুতর অনিয়ম পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ পণ্যে; পুরনো মেয়াদ মুছে নতুন করে অতিরিক্ত মেয়াদ বসিয়ে বাজারজাত করার উদ্দেশে সেখানে বিপুল পরিমাণ গুঁড়া দুধ সংরক্ষণ করা হয়েছিল।
ভোক্তা-অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
এদিকে একই অভিযানে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মা ও শিশু হাসপাতাল এলাকার জনতা ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ‘বার্গার বাইট’ নামের ফাস্টফুডের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।