প্রথমবার বিসিবি পরিচালক হওয়ার ৬ মাসের মাথায় পদত্যাগ করলেন আমজাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদে অস্থিরতা যেন কাটছেই না। দায়িত্ব গ্রহণের ছয় মাস পার হওয়ার আগেই দ্বিতীয় পরিচালক, আমজাদ হোসেন পদত্যাগ করলেন। এর আগে গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন আরেক পরিচালক ইশতিয়াক সাদেক।

‎রবিবার রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে আমজাদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে মোখছেদুল কামালকে। এই সিদ্ধান্তের পরপরই আমজাদ হোসেন ই-মেইলের মাধ্যমে বোর্ডকে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

‎যদিও পদত্যাগপত্রে তিনি 'ব্যক্তিগত কারণ' উল্লেখ করেছেন, তবে তার বক্তব্যে অভিমানের সুর স্পষ্ট। সোমবার রাতে গণমাধ্যমকে তিনি জানান, 'বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী স্হায়ী কমিটি পুনর্বিন্যাস করতে পারে। পরিচালনা পর্ষদ হয়তো মনে করেছে আমার সার্ভিস হয়তো তাদের লাগবে না, তাই কমিটি পুনর্বিন্যাস করেছে। আমি মেনে নিয়েছি।'

বিসিবি নির্বাচনে নিয়ে এনএসসি সম্প্রতি তদন্ত কমিটি গঠন করেছে। এর প্রেক্ষিতে প্রচ্ছন্ন হুমকি দেয় বিসিবি। তবে আমজাদ দাবি করেছেন এই চিঠি দেওয়ার সংগে তিনি জড়িত নন, 'আমি গত ১০ দিন সম্পূর্ণ সবার সঙ্গে বিচ্ছিন্ন ছিলাম। নির্দিষ্ট করে বললে আমি ওমরাহতে ছিলাম, কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমি আসলে বলতে পারব, কী হয়েছে। আমি এটার (এনএসসিকে 'হুমকি' দিয়ে চিঠি দেওয়া) ছিলাম না।'

‎গত অক্টোবরে বিসিবি নির্বাচনে জিতে প্রথমবার পরিচালনা পর্ষদে জায়গা করে নেন আমজাদ। পরে তাকে মিডিয়া কমিটির চেয়ারম্যান ও অর্থ কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তাকে সরিয়ে তার জায়গায় ডেপুটি মোখসেদুল কামালকে মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে।