ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে খেলার সময় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (৯) ও জাকারিয়া (১২) নামে দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। জাকারিয়া তারালি গ্রামের ফারুক গাজির ছেলে এবং জান্নাতুন দক্ষিণ নলতা গ্রামের আহসান আলীর মেয়ে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসিরচক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্য আয়ুব হোসেন জানান, ঈদের পরদিন মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে শিশুরা। বিকেলে শিশুরা নানার বাড়ির ঘেরের বেড়িতে খেলছিল। হঠাৎ পা পিছলে পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা পুকুরে জাকারিয়ার মরদেহ ভেসে থাকতে দেখে। এরপর দুজনকেই উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।