বিশ্বকাপ শেষেই ফ্রান্সের ডাগআউটে জিদান!

ফরাসি ফুটবল ভক্তদের দীর্ঘদিনের চাওয়া এবার পূরণ হতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপ শেষে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। 'ইএসপিএন'-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৫৩ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি এরই মধ্যে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছেন।

২০১২ সাল থেকে টানা এক যুগেরও বেশি সময় ধরে ফ্রান্স দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন দিদিয়ের দেশম। তার অধীনে ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ জিতেছে এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে খেলেছে। তবে এবারের গ্রীষ্মকালীন বিশ্বকাপ শেষে দেশম বিদায় নেবেন এবং তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ জিদান।

রিয়াল মাদ্রিদে দুই মেয়াদে (২০১৬-১৮ এবং ২০১৯-২১) কোচিং করিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন জিদান। তার অধীনে মাদ্রিদ টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার রেকর্ড গড়েছিল। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর থেকে জিদান কোনো ক্লাবের দায়িত্ব নেননি। বারবার পিএসজি বা বড় বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি, যার একমাত্র কারণ ছিল ফ্রান্স জাতীয় দলের কোচের পদ।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন জিজু। জিতেছিলেন ব্যালন ডি’অর এবং তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে সেই আলোচিত ‘হেডবাট’ কাণ্ডের পর ফুটবলকে বিদায় জানানো জিদান এবার কোচ হিসেবে নিজের দেশকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

বর্তমানে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের মতো ক্লাবগুলোর পক্ষ থেকে প্রস্তাব থাকলেও জিদান তার শৈশবের স্বপ্নপূরণে জাতীয় দলের ডাগআউটকেই বেছে নিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের পরেই ‘লে ব্লুজ’দের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে জিদানের হাত ধরে।