বরিশালে পানিতে ডুবে দুই মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় পানিতে ডুবে দুই ভাই মারা গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- রমজান (৩) ও মোহাম্মদ (৩)। তাদের মধ্যে রমজান বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে ও অপর শিশু মোহাম্মদ গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, গৌরনদীর পূর্ব ডুমুরিয়া এলাকার দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী বলেন, হাসপাতালে আনার অনেক আগেই দুই শিশু মারা গেছে। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।