স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে সোমবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ওই এলাকার আফজাল খান ও আব্বাস।

সোমবার (২৩ মার্চ) ভোরে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।  

মামলার এজাহারে বলা হয়, সোমবার ভোরে অভিযুক্তরা ভুক্তভোগী ওই নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তারসহ ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত