ফেনীতে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে শিবপুর আর. বি. হাট আলী আহমদ উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সুবর্ণজয়ন্তী ও শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী 'শেকড়ের টানে স্মৃতির প্রাঙ্গণে'— এই প্রতিপাদ্যকে লালন ও ধারণ করে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ভূইয়ার হাট এ ঐতিহ্যবাহী শিবপুর আর. বি. হাট আলী আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, গৌরবোজ্জ্বল সুবর্ণ জয়ন্তী ও শিক্ষার্থী পুনর্মিলনী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল মন্নান বাচ্চুর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র শাওন মজুমদার, রাহুল চন্দ্র দাস ও অজিউল হক রোজানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব:)।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম।
১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ৫১টি ব্যাচের প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও শিক্ষার্থী পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্টজন স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান, খেলাধুলা, রেফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া উক্ত আয়োজনের সার্বিক সহযোগিতায় প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ-২০০৬ এর ব্যবসায়ী মো. শাহজালাল, ব্যবসায়ী মো. রেজাউল করিম ও রূপায়ণ গ্রুপ এর প্রতিনিধি মো. দিদারুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, সেক্রেটারিয়েট ডিভিশন এবং রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।