রোনান আসলেন, রোনান দেখলেন, রোনান জয় করলেন।
লিওনেল মেসির মতো ফ্রি-কিকে প্রথম গোল করলেন আজ পাকিস্তানের বিপক্ষে। এর কিছুক্ষণ পর আবার গোল। তার জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে।
তবে এখানেই থামতে চাননা যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ভাইদের অন্যতম এই ফরোয়ার্ড। বলেছেন, ট্রফি নিয়ে ফিরবেন মালে থেকে।
ম্যাচসেরা রোনান সুলিভান বলেন, 'দারুণ একটা জয়। খুব ভালো লেগেছে। এরপরের খেলা ভারতের সঙ্গে, সেটাতেও জিততেই চাই। পুরো টুর্নামেন্টই জিততে চাই।'
এ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) গতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা।