সাতকানিয়ায় বর্ণগ্রাম গ্রন্থাগারের যাত্রা শুরু

চট্টগ্রামের সাতকানিয়া ছদাহায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শিক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম 'বর্ণগ্রাম গ্রন্থাগার'। মঙ্গলবার (২৪মার্চ) সকাল ১১'টায় উপজেলার ছদাহায় বর্ণাঢ্য আয়োজনে এই গ্রন্থাগারের উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইয়ুব নূরী। সামাজিক উদ্যোক্তা ও সংগঠক সাইফুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বর্ণগ্রাম গ্রন্থাগারের প্রধান পৃষ্ঠপোষক নাসির উদ্দীন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইনুদ্দিন হাসান শিবলী, মাস্টার আবদুস ছালাম, ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোক্তা ও শিক্ষাবীদ জাহেদুল ইসলাম ও বইবন্ধু ইয়াসিন আরাফাত ।

উদ্বোধনকালে অধ্যক্ষ অধ্যাপক আইয়ুব নূরী বলেন, একটি জ্ঞাননির্ভর ও আলোকিত সমাজ গঠনে গ্রামীণ জনপদে লাইব্রেরির কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করে পুনরায় বইমুখী করতে 'বর্ণগ্রাম গ্রন্থাগার' এক অনন্য ভূমিকা রাখবে। আমাদের সন্তানদের মেধা ও মনন বিকাশে বই হোক প্রধান হাতিয়ার।

বর্ণগ্রাম গ্রন্থাগারের পরিচালকরা জানান, বর্ণগ্রামের ডিজিটাল প্ল্যাটফর্ম ও মাঠপর্যায়ের কার্যক্রম বই পড়ার অভিজ্ঞতাকে সাধারণ মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। এখন পাঠকরা ঘরে বসেই বর্ণগ্রামের ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বইয়ের অনুরোধ জানাতে পারেন। অনুরোধ পাওয়ার পর 'বইবন্ধু'র মাধ্যমে বইগুলো সরাসরি নির্দিষ্ট লোকেশনে বা নির্ধারিত পিকআপ পয়েন্টে পৌঁছে দেওয়া হয়। পাঠাভ্যাসকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বর্ণগ্রামের একটি অটোগাড়ির ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রতি সপ্তাহে দুই দিন ছদাহার ছয়টি গ্রামের বিভিন্ন রুটে প্রদক্ষিণ করবে এবং নির্দিষ্ট দিনে বিভিন্ন স্কুল ক্যাম্পাসে অবস্থান করবে।