চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা ওয়াহিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক।
স্থানীয়রা জানান, আরমান উদ্দিন পেশায় বৈদ্যুতিক মেকানিক ছিলেন। দুপুরে বাড়ির পাশে একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এঁওচিয়ায় আরমান নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।