ঈদুল ফিতর: ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ

ঈদুল ফিতরের সাতদিনের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষরা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে তারা নিরাপদ ভ্রমণের জন্য  ট্রেনকে বেছে নিচ্ছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পৌঁছাতে পারছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বুধবার (২৫ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিন দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছেন যাত্রীরা। 

অনেক যাত্রী বলছে, কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা।

জয়পুরহাট থেকে ঢাকায় ফেরা ব্যাংক কর্মকর্তা মোস্তফা আজিজ বলেন, ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত দুইদিন ছুটি নিয়েছিলাম। আমার অফিস শুরু হবে আগামী রবিবার। মাঝখানে শুক্র ও শনিবারে টিকিট পাওয়া কঠিন হতে পারে ভেবে আগেই ঢাকায় চলে এসেছি। হাতে এখনো কয়েকদিন সময় আছে, ভাবছি পরিবার নিয়ে ঢাকার কয়েকটি বিনোদনকেন্দ্র ঘুরে দেখবো।

চিলাহাটি থেকে আসা শাহাদাত জানান, তাদের অফিস এরই মধ্যে শুরু হয়ে গেছে। ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন ছুটি নিয়েছিলেন। আজ ট্রেনে ঢাকায় ফিরলেন, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাবেন।

একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা ইয়াজুজ ইসলাম জানান, তার একটি কোচিং সেন্টার রয়েছে। ঈদের কারণে শিক্ষার্থীদের এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছিল।

কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, স্টেশনে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে শুধু টিকিটধারী যাত্রীদের অনুমতি দেওয়া হচ্ছে। ঈদযাত্রার সময় যেমন টিকিট যাচাই করে যাত্রীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল, ফিরতি যাত্রাতেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানায়, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে মানুষের ফেরা শুরু হয়েছে। আগামী কয়েকদিন যাত্রীচাপ হয়তো কিছুটা বাড়বে। তবে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।