‘শত্রু নয়’ এমন জাহাজের জন্য হরমুজ খুলবে তেহরান

হরমুজ প্রণালী দিয়ে কিছু সাধারণ জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান,এমন তথ্য প্রকাশিত হয়েছে। তেহরান জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কিছু সাধারণ বাণিজ্য জাহাজকে অবরুদ্ধ এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো একটি নোটে এবং পরে আইএমওর সদস্য দেশগুলোর কাছে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

ইরান বলেছে, যেসব জাহাজ তাদের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেবে না বা সহায়তা করবে না এবং ঘোষিত নিরাপত্তা বিধি মেনে চলবে,শুধুমাত্র সেসব জাহাজই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত গ্যাস পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।

এদিকে জ্বালানি কোম্পানি শেল-এর প্রধান সতর্ক করে বলেছেন, ইউরোপে আগামী মাস থেকেই জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে। 

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য স্থল অভিযান চালাতে খার্গ দ্বীপে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে খবর রয়েছে। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে শান্তি আলোচনা চলছে।

এছাড়া দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফা একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমা আরোপ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।