ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালালেও তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান আলোচনায় দেশটির অবস্থানের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের মূল্যায়ন অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে এমন এক পরিস্থিতিতে রয়েছে, যেখানে দুই দেশ শান্তি ও যুদ্ধের মধ্যবর্তী এক অনির্দিষ্ট অচলাবস্থায় আটকে আছে।
প্রতিবেদনটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রশাসনের শীর্ষ পর্যায়ে উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে কর্মকর্তারা বলেছেন, এই গোয়েন্দা মূল্যায়নের উদ্দেশ্য ভবিষ্যৎ পরিস্থিতি নির্দিষ্টভাবে পূর্বাভাস দেওয়া নয়। বরং বর্তমান বাস্তবতা তুলে ধরা এবং সম্ভাব্য পরিস্থিতি ও প্রবণতা সম্পর্কে ধারণা দেওয়া।