ইসরায়েলের সংসদ নেসেট মঙ্গলবার (২৪ মার্চ) ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিল অনুমোদনের জন্য উত্থাপন করেছে। নেসেটের জাতীয় নিরাপত্তা কমিটির বিলটিতে আনা নতুন সংশোধনী অনুযায়ী আদালতের চূড়ান্ত অনুমতি ছাড়াই দণ্ডাদেশ কার্যকর করার সুযোগ দেবে।
বিলটি মূলত জাতীয়তাবাদী বা নিরাপত্তা-উদ্দেশ্যপ্রণোদিত হামলার অভিযোগে ফিলিস্তিনি বন্দীদের জন্য প্রণীত। এতে ইহুদি বন্দীদের অন্তর্ভুক্ত করা হয়নি। নেসেটের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইসরায়েল কারা বিভাগের কমিশনার কর্তৃক নিযুক্ত একজন গোপন কারারক্ষীর মাধ্যমে, যিনি সম্পূর্ণ ফৌজদারি দায়মুক্ত থাকবেন। বন্দীদের তাদের আইনজীবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না; শুধুমাত্র অনুমোদিত পক্ষ ভিডিও কলের মাধ্যমে দেখা করতে পারবে।
আইনের অধীনে, পশ্চিম তীরে 'সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত বন্দীদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক, তবে আপিলের সুযোগ রয়েছে। অন্যান্য অঞ্চলে ভবিষ্যতে কোনো চুক্তি বা ছাড় ছাড়াই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আরোপ করা যেতে পারে।
ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির ও তার চরমপন্থী দল বিলটি প্রস্তাব করেছেন। কয়েক বছর ধরে বেন-গাভির ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়ে আসছেন। ১৯৬২ সালে নাৎসি আ্যডলফ আইখম্যানের ক্ষেত্রে একমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এই বিল অনুমোদনের ফলে ইসরায়েলের নীতি আরও কঠোর হয়ে উঠবে। এতে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়াবে বলেও আশংকা করা হচ্ছে।