যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, মুসলিম ৮ দেশের নিন্দা

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

যুদ্ধবিরতি সত্বেও আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। বিশেষ করে সম্প্রতি গাজায় সামরিক অভিযান ও হামলা অব্যাহত রেখেছে দেশটি। এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ।

দেশগুলো হলো জর্ডান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিশির।

বুধবার (৫ আগস্ট) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, গাজা উপত্যকায় বেসামরিক মানুষ এবং স্বাস্থ্যসেবা অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

তারা আরও বলেন, গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান সাম্প্রতিক শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর উদ্যোগে একটি শান্তিচুক্তি সম্পন্ন করার প্রচেষ্টাও এসব হামলার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

 আম্মানে অনুষ্ঠিত এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল জেরুজালেমের পবিত্র ধর্মীয় স্থানগুলোর সুরক্ষা। সেই বৈঠকের পরই অংশগ্রহণকারী দেশগুলো গাজা পরিস্থিতি নিয়ে যৌথ অবস্থান তুলে ধরে বিবৃতি প্রকাশ করে।

এদিকে গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন।
 
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক সামরিক অভিযানে এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৩৬ জন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত