স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান, ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষপান করা অন্তরা বিশ্বাস (২০) নামের এক গৃহবধূ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে হাসপাতালের গেটেই তার মৃত্যু হয়।

নিহত অন্তরা বিশ্বাস উপজেলার ৪ নম্বর পাটগাতি ইউনিয়নের দাড়িয়ারকুল গ্রামের সুবল বিশ্বাসের স্ত্রী এবং একই গ্রামের শ্রীবাস বিশ্বাসের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে পারিবারিকভাবে দাড়িয়ারকূল গ্ধরামের ধলা চাঁদ বিশ্বাসের ছেলে সুবল বিশ্বাসের সঙ্গে অন্তরার বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল। তবে গত ১৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিমান করে অন্তরা ঘরে থাকা বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ছাড়পত্র দেন। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

কিন্তু গত ২০ মার্চ সন্ধ্যার পর অন্তরার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২৪ মার্চ) উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার সময় হাসপাতালের গেটে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।