রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৬২টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন এমদাত ওরফে ইদদাত শেখ, ফারুক, আবু বক্কর সিদ্দিক, মো. রুবেল, আব্দুর রাজ্জাক, মিজান, মো. আলমগীর, মো. মামুন, মো. রাশেদ, মো. শামসুল হক মিলন, দীন ইসলাম, মো. সাইদুল ইসলাম।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চোরদের কাছ থেকে চোরাই মোবাইল ফোন কমদামে সংগ্রহ করে যাত্রাবাড়ী থানা এলাকাসহ ঢাকা শহরে বিভিন্নস্থানে বিক্রয় করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।