চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
বুধবার (২৫ মার্চ) ইরানের জ্যেষ্ঠ এক রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান। তিনি জোর দিয়ে বলেন, ইরান যখন মনে করবে এবং তার নিজস্ব শর্তগুলো যখন পূরণ হবে, তখনই এই যুদ্ধ শেষ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুর ওপর ‘চরম আঘাত’ হেনে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে, ফেব্রুয়ারির শেষের দিক থেকে চলমান উত্তেজনার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ সমাপ্তি আলোচনায় নিজের পাঁচটি মূল শর্ত তুলে দিয়েছে।
হরমুজ প্রণালীর জন্য একটি নতুন নিরাপত্তা ব্যবস্থাপনা, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে, যুক্তরাষ্ট্রের অঞ্চলে অবস্থিত সমস্ত সামরিক ঘাঁটি বন্ধ করা, চলমান যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ভবিষ্যতে পুনরায় হামলার বিরুদ্ধে গ্যারান্টি, আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির নিশ্চয়তা।