কুমিল্লায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টা ধরে চালানো এক অভিযানের ধারাবাহিকতায় বুধবার (২৫মার্চ) তাদের গ্রেপ্তার করা হয় । চট্টগ্রাম রেলওয়ে জেলার এক কর্মকর্তা বলেন, র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে মো. হেলাল (৪১) ও মো. কাওছার হোসেন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ জানায়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হবে।
এদিকে কুমিল্লায় রেল-বাস সংঘর্ষে নিহত ১২ ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ। এছাড়াও এই ঘটনায় হতাহতদের উদ্ধার কার্যক্রম, লাশ হস্তান্তর এবং মামলা দায়ের ও আসামী গ্রেপ্তার সংক্রান্ত কাজও করেন। বুধবার চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ এ তথ্য জানান।
চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ জানায়, রেলওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমানের তত্ত্বাবধানে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার তহুরা জান্নাতের নেতৃত্বে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিক্টিমদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং রেল চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এছাড়াও চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ কর্তৃক দুর্ঘটনায় নিহত ১২ জন ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের নিকট যথাযথভাবে হস্তান্তর করা হয়।
তাতে আরও বলা হয়, চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের সহায়তায় এঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন। মামলার পর আসামী গ্রেপ্তারে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে র্যাবের সহযোগিতায় মামলার এজাহারনামীয় ১নং আসামী হেলাল ও কাওছার হোসেনকে গ্রেফতার করা হয়।