কুমিল্লায় পুলিশের লুট হওয়া শটগানসহ জোড়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে পুলিশের লুট হওয়া একটি শটগান, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ভোরে উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকার ও এসআই অর্ণব বড়ুয়ার নেতৃত্বে একটি দল নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে চালক এয়াকুবকে তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেলের পাশে বাঁধা একটি বস্তা থেকে একটি সচল শটগান, দুটি কার্তুজ ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, উদ্ধার করা অস্ত্র দুটি গত ৫ আগস্টের ঘটনায় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে বিকেলে গ্রেপ্তার এয়াকুবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত