দৌলতদিয়ায় দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিখোঁজ, মায়ের মরদেহ উদ্ধার 

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তাঁর ভাগ্নে এখনো নিখোঁজ। এ ঘটনায় রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫মার্চ) আনুমানিক সাড়ে ৫টায় রাজবাড়ীতে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত ওই বাসে রাইয়ানসহ তাঁর মা, বোন ও ভাগ্নে ছিলেন বলে জানা গেছে।

এ  বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর বোনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো রাইয়ান ও তাঁর ভাগ্নের কোনো সন্ধান পাওয়া যায়নি।  তিনি এ ঘটনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, রাইয়ানের সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সূত্রেও নিশ্চিত হওয়া গেছে, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও রাইয়ান ও তাঁর ভাগ্নে এখনো নিখোঁজ।