টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম একই গ্রামের ওসমান আলীর ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে সওদাগর গ্রুপের সঙ্গে ম-ল ও সিদকার গ্রুপের বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও বিরোধ মীমাংসা হয়নি। এমনকি গত ঈদেও দুই পক্ষ আলাদা আলাদা ঈদের নামাজ আদায় করে। গত মঙ্গলবার রাতে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরদিন সকালেও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, কবরস্থানের জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে।