পাচারকালে ১৫ ড্রাম পেট্রোলসহ আটক ১১

জামালপুর সদর উপজেলায় পাচারকালে ১৫ ড্রাম পেট্রোলসহ ১১ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে পেট্রোলসহ তাদের পুলিশে সোপর্দ করা হয়।

গত মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালীবাড়ী বাজার এলাকা থেকে পেট্রোলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন হাকিম মিয়া, ফুল মিয়া, হাফিজুর রহমান, শাহ জামাল, মারুফ হোসেন, জগলু মিয়া, জহুরুল ইসলাম, সবুজ মিয়া, মনির হোসেন, হামিদুর রহমান ও আলতাফুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মধ্যরাতে কয়েকটি গাড়িতে করে বিপুলসংখ্যক তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িগুলো থামিয়ে তল্লাশি করেন। পরে ৭টি গাড়িতে থাকা ১৫ ড্রামে প্রায় ৩ হাজার ১শ লিটার পেট্রোল ও গাড়ির চালকসহ ১১ জনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ ড্রাম পেট্রোলসহ ১১ জনকে আটক করে। এ সময় পিক-আপ ভ্যান, ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান ও অটোরিকশাসহ ৭টি গাড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিসহ স্থানীয়রা জানান, ওই পেট্রোল স্থানীয় তেল ব্যবসায়ী সোহেল রানার।

প্রত্যক্ষদর্শী সৌরভ বলেন, রাতে আমরা কয়েকজন মিলে কালীবাড়ী বাজারে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কয়েকটি গাড়ি দেখে আমাদের সন্দেহ হলে আমরা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করি। এ সময় গাড়ির চালক ও গাড়িতে থাকা লোকজন পেট্রোলের বিষয় স্বীকার করেন। পরে আমরা গাড়িসহ তাদের আটক করে পুলিশে খবর দিই। পুলিশ ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদেরসহ জব্দ করা পেট্রোল ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।