পদ্মায় বাসডুবি

উদ্ধারকাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়ার বাসের উদ্ধারকাজ মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েঝেন।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে এক প্রেস বার্তায় বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোকবার্তায় নৌমন্ত্রী বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার পরপরই দ্রুততম সময়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং  ডুবুরি দল নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমের সার্বক্ষণিক মনিটরিং করছেন। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। 

তিনি নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন মন্ত্রী মহোদয়। 

উল্লেখ্য, দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমের সার্বিক তদারকি করছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন। 

এদিকে এই দুর্ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ মরদেহ উদ্ধার করা হয়েছে।