বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে দেশকে সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করব।
তিনি আরও বলেন, এবার ভিন্ন এক পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দিনটি পালন করতে পারছি।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন।
এদিন আরেকটি প্রসঙ্গ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, আমাদের দুঃখ, স্বাধীনতার এই দিনে দেশের আরেক সংগ্রামী নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে নেই।