ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট,  ভোগান্তিতে যাত্রীরা

লাঙ্গলবন্দ স্নান উৎসবকে ঘিরে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের। বৃহস্পতিবার (২৬ মার্ট) সকাল থেকে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয় যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁ পেরিয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব বুধবার (২৫ মার্চ) শুরু হয়েছে যা বৃহস্পতিবার (২৬ মার্চ) পর্যন্ত চলবে। উৎসবের প্রথম দিন পুণ্যার্থীদের সমাগম কিছুটা কম থাকায় মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে পরদিন বৃহস্পতিবার সকাল থেকে  যানজটের সৃষ্টি হয়।

জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ​ঢাকাগামী স্টারলাইন চালক বিল্লাল হোসেন জানান, ভবেরচর থেকে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় আসতে দুই ঘণ্টা সময় লেগেছে অথচ পাঁচ মিনিটের পথ।

কুমিল্লা থেকে ছেড়ে আসা তিশা বাসচালক লিয়াকত  বলেন, ১০ মিনিটের রাস্তা আসতে তিন ঘণ্টা সময় লাগলো,ঢাকা কখন যাবো তা অনিশ্চিত।

ঈদ শেষে লক্ষ্মীপুর থেকে ঢাকাফেরত যাত্রী আকলিমা আক্তার বলেন,অফিস খোলা হওয়ায় বাচ্চাদের বাবা আগেই ঢাকা ফিরেছে, বৃহস্পতিবার আমরা ফিরছি। গাড়ি দাউদকান্দি পর্যন্ত স্বাভাবিক গতিতে এসেছে কিন্তু তারপর থেকেই যানজটের কবলে পড়েছি। ছোট বাচ্চাদের নিয়ে গরমে বাসে বসে থাকতে কষ্ট হচ্ছে। 

এ বিষয়য়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসব ঘিরে মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয় যা পরবর্তী সময়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।